‘চাকরি না পাওয়ার’ হতাশায় সিলেটে যুবকের ‘আত্মহত্যা’

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:২২ পিএম

জয় ভট্টাচার্য্য (২৮) সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এরপর থেকে চাকরির সন্ধানে ছিলেন। অংশ নিয়েছেন সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায়। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা দেন। ফল প্রকাশের পর প্রাথমিকভাবে জানতে পারেন তার চাকরি হয়েছে। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হন তার চাকরি হয়নি। এরপর থেকে হতাশায় ছিলেন এ যুবক। 

গত সোমবার তিনি সুনামগঞ্জের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। বুধবার সিলেটের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জয় সুনামগঞ্জ সদর উপজেলার নতুনপাড়ার নিশিত ভট্টাচার্যের ছেলে।

জয়ের চাচা বিপুল মৈত্র বলেন, ‘জয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিল। প্রথমে শুনেছিল, সে নিয়োগ পেয়েছে। পরে জানতে পারে নিয়োগ হয়নি। এ নিয়ে তার মধ্যে হতাশা বিরাজ করছিল। হয়তো এই হতাশা থেকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’

সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন খান নিহত জয়ের স্বজনদের বরাত দিয়ে জানান, চাকরিতে যোগদানের কথা বলে জয় গত ১৫ আগস্ট সুনামগঞ্জের বাসা থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। জয় সিলেটে এসে নগরীর তালতলার আবাসিক হোটেল শাহবানের ৩০৯ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেল রেজিস্ট্রারে নিজের পরিচয় লিখেন ওষুধ কোম্পানির কর্মকর্তা। বুধবার জয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্মচারীরা তাকে ডাকাডাকি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জয়ের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর জয়ের মোবাইল ফোনে তার ভাইয়ের নম্বর পেয়ে তাকে বিষয়টি জানানো হয়। এরপর স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। 

ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে পুলিশ পরিদর্শক বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত