মানুষের কর্মফলের ওপর নির্ভর করবে, আল্লাহপ্রদত্ত কাজগুলো কতটুকু সঠিকভাবে পালন করা হচ্ছে। কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি না, তা বোঝার জন্য কতগুলো পথও তিনি বাতলে দিয়েছেন; যাতে প্রত্যেক জ্ঞানবান ব্যক্তি তা অনুসন্ধান করে সঠিকভাবে কাজগুলো সম্পাদন করতে পারেন। ‘আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ (উপাস্য) নেই, হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল।’ এ কথা মনেপ্রাণে বিশ্বাসের পর একজন মানুষ যখন ইসলাম ধর্মে দীক্ষিত হয়, তখন তার ওপর অনেকগুলো কাজ ফরজ হয়ে যায়। এরমধ্যে নামাজ হলো অত্যাবশ্যকীয় ইবাদত। শরিয়তের পরিভাষায় তাকে ফরজ বলা হয়।
হাদিসে ইরশাদ হয়েছে, ‘নামাজ ইসলামের খুঁটিস্বরূপ।’ খুঁটি ছাড়া যেমন ঘর ঠিক থাকে না, তদ্রƒপ নামাজ ছাড়া ইসলাম ঠিক থাকতে পারে না। নামাজ যদি সঠিকভাবে আদায় করা না হয়, তবে ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অনেকে বলেন, নামাজ না পড়লে কী হবে আমার ইমান ঠিক আছে। তার হয়তো এ কথাটি বোঝার ভাগ্য হয়নি, আমল ছাড়া শুধু ইমানে (বিশ^াস) কোনো কাজ হবে না। পরীক্ষা তাকে দিতেই হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘মানুষেরা কী এ ধারণা করে বসে আছে, আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে। তাদের কোনো পরীক্ষা করা হবে না।’ সুরা আনকাবুত : ২-৩
আবার অনেক নামাজি মনে করেন, নামাজ সঠিক হলো কি না তা আল্লাহ ভালো জানেন। এর প্রতিদান মিলবে আখেরাতে। হ্যাঁ, কথাটি ঠিক। কারণ, এমন কোনো কিছু নেই যা সর্বদ্রষ্টা ও সর্বজ্ঞানী আল্লাহর জানা ও দেখার বাইরে আছে। পবিত্র কোরআনে মহিমাময় প্রভু বলেছেন, ‘তারা কি জানে না, যা তারা প্রকাশ করে এবং গোপন করে, তা সবই আল্লাহ জানেন।’- সুরা বাকারা : ৭৭
পাপ-পুণ্যের বিচার আখেরাতে হবে, কথাটি সত্যি। কিন্তু পরম করুণাময় আল্লাহ পবিত্র কোরআন এবং নবী-রাসুলদের মাধ্যমে এমন কিছু ইঙ্গিত দিয়েছেন, যা অনুসন্ধান করে জীবিতাবস্থায়ই নামাজের গ্রহণযোগ্যতা যাচাই করা যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘নামাজ যাবতীয় অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ সুরা আনকাবুত : ৪৫
অর্থাৎ নামাজ স্বীয় অবস্থায় তার নামাজিকে বলে, ‘তুমি নামাজ পড়ে আল্লাহর প্রতি এত সম্মান ও মমত্ব প্রদর্শন করছ, অশ্লীল ও ঘৃণিত কাজ করে তার অসম্মান করা নিতান্ত অশোভন ও গর্হিত কাজ।’ কোরআন মজিদ তো মিথ্যা হতে পারে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরও যদি কেউ পাপের কাজ ছাড়তে না পারে, তবে বুঝতে হবে তার নামাজ হয় না। কেননা, হজরত হাসান (রা.) বলেন, ‘যার নামাজ তাকে পাপ কাজ থেকে বিরত রাখে না, তার নামাজ নামাজই নয়।’ অর্থাৎ তার নামাজ নিয়মানুযায়ী হয় না। তার নামাজে ত্রুটি আছে। তফসিরে ইবনে কাসির
ভালো পরীক্ষা দিয়েও যখন কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়, তখন সবাই খারাপ ফলাফলের কারণ খুঁজে বের করেন। তদ্রুপ নামাজি ব্যক্তি যখন বুঝতে পারেন, তিনি নামাজ পড়ছেন, কিন্তু অশ্লীল কাজ ছাড়তে পারছেন না। কোরআন মজিদের কথামতো তার নামাজ ফলপ্রসূ হচ্ছে না। তখন তিনি এর কারণ খুঁজে বের করার জন্য সচেষ্ট হবেন।
নামাজ সঠিক না হওয়ার পেছনে অনেক কারণ আছে। পবিত্র কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলেছেন, ‘তোমরা আমার অনুসরণ করো এবং রাসুলের অনুসরণ করো।’ আর হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে আদায় করতে দেখো।’ কোরআন মজিদের কথামতো, আমাদের নামাজের ফল না পাওয়ার পেছনে প্রথমেই বুঝতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতে আমাদের নামাজ হয় না। তা করতে হলে আমাদের দেখতে হবে, অজু ঠিকমতো হয় কি না? পোশাকপরিচ্ছদ পবিত্র কি না? আল্লাহ বলেছেন, ‘প্রত্যেকবার মসজিদে যাওয়ার সময় অর্থাৎ প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো।’ সুরা আরাফ : ৩১
আমাদের আরও দেখতে হবে, ধৈর্যের সঙ্গে আল্লাহর ভয়ে নামাজ আদায় হয় কি না? আল্লাহ বলেন, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো।’ সুরা বাকারা : ৪৫ ও ১৫৩
কেমন মুসলমান পারলৌকিক সফলতা অর্জন করবে, সে সম্বন্ধে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই ওই মুসলমানরা পারলৌকিক সফলতা লাভ করবে, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী।’ সুরা
মুমিনুন : ১-২
নামাজের লক্ষ্য ও চিত্ত কেমন হবে সে সম্বন্ধে আল্লাহ বলেন, ‘তোমরা প্রত্যেক সেজদার সময় স্বীয় মুখমণ্ডল সোজা রাখো এবং তাকে (আল্লাহকে) খাঁটি আনুগত্যশীল হয়ে ডাকো।’ সুরা আল আরাফ : ২৯
উপরোক্ত বিষয়াবলি ছাড়াও নামাজের বিধি-বিধানসহ অন্যান্য ফরজ, ওয়াজিব এবং সুন্নত ঠিকমতো আদায় হচ্ছে কি না, নামাজে লোক দেখানো মনোভাব আসে কি না ইত্যাদি বিষয়গুলোও দেখতে হবে। নিশ্চয়ই এগুলোর মধ্যে কোনো না কোনো একটি অথবা অধিকাংশের ভুল ধরা পড়বে। তখন ভুলগুলো সংশোধন করে নামাজ আদায় করলে, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতে নামাজ আদায় হবে এবং যাবতীয় অশ্লীল ও মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারব। কেননা, দয়াময় আল্লাহর কথা কোনো দিন মিথ্যা হতে পারে না। তা অকাট্য সত্য, সত্য এবং সত্য!
