দেড় টাকা বেশি দরে ডলার বেচতে পারবে মানি চেঞ্জাররা

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১:৫৯ পিএম

ব্যাংকের দরের সঙ্গে খোলাবাজারের ডলারের দরের ব্যবধান কমিয়ে আনতে মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ডলার বেচাকেনার দরের ঊর্ধ্বসীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকে যে দরে নগদ ডলার বিক্রি করবে, মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো এর থেকে সর্বোচ্চ ১ টাকা বেশি দরে গ্রাহকের কাছ থেকে ডলার কিনতে পারবে। বিক্রি করতে পারবে ব্যাংকের ডলারের বিক্রিয়মূল্যের থেকে ১ টাকা ৫০ পয়সা বেশি দরে। গতকাল বুধবার বিদেশি মুদ্রা কেনাবেচার প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এখন থেকে ব্যাংক যে দরে ক্যাশ ডলার বিক্রি করবে সেই দরকে বেঞ্চমার্ক ধরে এর চেয়ে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে ডলার বিক্রি করতে পারবে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে ব্যাংকের দরের সঙ্গে ব্যবধান হবে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা।’

সিরাজুল ইসলাম বলেন, ‘ডলারের বাজার নিয়ে এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি। ডলার বাজারের অস্থিরতা দূর করতে এর আগে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বৈঠক করেছে। সেখানে তাদের বলা হয়েছে, ব্যাংকগুলো যে দরে ডলার কিনবে, তার সঙ্গে বিক্রি মূল্যের একটি সিলিং করতে হবে। এক্ষেত্রে ব্যবধান হবে সর্বোচ্চ ১ টাকা। সব ব্যাংক এটি ফলো করবে বলে তারা জানিয়েছেন।’

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, ‘আমরা ব্যাংকগুলোতে যেমন পরিদর্শন চালিয়েছি, তেমনই খোলাবাজারও পরিদর্শন করেছি। বাজারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া ২৩৫টি বৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠান রয়েছে। তাদের ব্যবসায়িক কার্যক্রম আমরা নিয়মিত তদারকি করছি। কোনো অনিয়ম পেলে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের অনুমতি না নিয়ে ৭শ’র বেশি মানি চেঞ্জার বাজারে কাজ করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে ৯টি প্রতিষ্ঠানকে তারা শাটডাউন করেছে। আরও কিছু প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত