মির্জাপুরে ২১ চুল্লিতে পুড়ছে বনের কাঠ

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২:০৫ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতরে অভিনব কায়দায় গড়ে ওঠা কয়লা তৈরির অবৈধ চুল্লির মাধ্যমে ধ্বংস হচ্ছে বনাঞ্চল। বনের ভেতর বিশাল আকারের মাটির চুল্লি তৈরি করে তাতে বনের কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামের বিভিন্ন স্থানে এ ধরনের ২১টি অবৈধ কয়লা তৈরির চুল্লি রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় এক বছর ধরে ওই এলাকায় একটি প্রভাবশালী মহল বন উজাড় করে কয়লা তৈরি করে চলছে। স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায়ই ধ্বংস করে এসব চুল্লি। কিন্তু ক’দিন না যেতেই আবার গড়ে ওঠে এসব চুল্লি। প্রভাবশালীদের ভয়ে স্থানীয়রাও মুখ খুলতে সাহস পায় না। তাই দিনের পর দিন অবাধে বনের কাঠ পুড়িয়ে যাচ্ছে তারা। আজগানা ইউনিয়নের বনাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চুরি করে আনা শত শত মণ কাঠ প্রতিদিন চুল্লিতে পোড়ানো হচ্ছে। প্রতি বস্তা কয়লা ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এ কয়লা।

এলাকাবাসী জানায়, কাঠ পোড়ানোর ফলে বনাঞ্চল ধ্বংস হওয়া ছাড়াও এর ধোঁয়ায় এলাকার শিশু, কিশোর ও বৃদ্ধরা সর্দি-কাশিসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এছাড়া ধোঁয়ার কারণে ফলদ বৃক্ষের ফলন ও শাক সবজির আবাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরেজমিনে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা এসব বিষয়ে এই প্রতিবেদকের কাছে অভিযোগ করলেও প্রভাবশালীদের ভয়ে তারা কেউ নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

এ বিষয়ে বন বিভাগের বাঁশতৈল রেঞ্জ অফিসের রেঞ্জার আশরাফুল আলম বলেন, ‘আজগানা গ্রামে বনের ভেতর অবৈধ কয়লার চুল্লির মাধ্যমে কাঠ পোড়ানোর বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে ঘটনা সত্য হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত