বগুড়া সদরের ঝোপগাড়ি থেকে সাজু মিয়া (৫০) নামে এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় একটি জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর জাহিদুল হক।
নিহত সাজু মিয়া শহরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। তিনি বর্তমানে শহরতলীর বড় কুমিড়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে বাস করতেন।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সাজু মিয়া ব্যাটারিচালিত অটো ভ্যান চালাতেন। বুধবার সন্ধ্যায় তিনি ভ্যান গ্যারেজে রেখে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সাজু মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ি না ফেরায় বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের লোকজন সাজু মিয়ার সন্ধান করতে থাকেন।
এক পর্যায় বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে ঝোপগাড়ি বিএড কলেজের পাশে জঙ্গলে সাজু মিয়ার গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সাজু মিয়ার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ইন্সপেক্টর জাহিদুল হক জানান, লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। তবে অধিকতর তদন্তে হত্যার মূল কারণ উদ্ঘাটন করা হবে।
