কালিয়াকৈর, ভূঞাপুরে গাছের সঙ্গে শত্রুতা

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০১:১৩ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে সবজিবাগানে ছাগল যাওয়ায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাগে-ক্ষোভে নিমেষেই প্রায় দেড় শতাধিক পেঁপেগাছ কেটে ফেলেছেন ছাগলের মালিক শাহিদা বেগম। শুধু তা-ই নয়, পেঁপেবাগানে সহযোগী ফসল ৬০-৭০টি কলাগাছও উঠিয়ে ফেলছেন ওই নারী। এতে করে লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষি উদ্যোক্তা সাগর আকন্দ (২৭)।

গতকাল শনিবার সকালে ভূঞাপুর পৌর শহরের পশ্চিম ভূঞাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাগর আকন্দ লাল মিয়া আকন্দের ছেলে এবং অভিযুক্ত প্রতিবেশী ওই নারী শাহিদা বেগম ইটল তরফদারের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী সাগর আকন্দের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেটে ফেলা পেঁপেবাগান পরিদর্শন করেছে ভূঞাপুর থানার পুলিশ।

ক্ষতিগ্রস্ত সাগর আকন্দ বলেন, ‘প্রতিবেশী ওই নারীর ছাগল প্রায়ই সবজির বাগানে প্রবেশ করত এবং বিভিন্ন গাছের চারা খেয়ে ফেলত। তাকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তিনি ক্ষিপ্ত হয়ে সবজির বাগানের পাশেই ছাগল চড়াতেন। শনিবার সকালে ছাগল বাগানে প্রবেশ করে এবং বেশ কয়েকটি পেঁপে, কলা ও বেগুনগাছ নষ্ট করে। পরে বাগান থেকে ছাগলটি ধরে খোঁয়াড়ে দেওয়ার কথা বললে ওই নারী দা নিয়ে প্রথমে আমাকে কোপাতে আসেন। আমি ভয়ে সরে গেলে তিনি পেঁপে ও কলাগাছগুলো কেটে ফেলেন।’

সাগরের বাবা অটোভ্যানচালক লাল মিয়া আকন্দ বলেন, ‘ছেলে নারায়ণগঞ্জের একটি জাহাজ কোম্পানিতে চাকরি করত। করোনাকালে তার চাকরি চলে যায়। পরে বাড়িতে এসে দীর্ঘদিন বেকার ছিল। পরে স্থানীয় মহিলা জনসংস্থা সবজি ব্যাংক থেকে ৬০ হাজার টাকা ওর মা সাজেদা খাতুনের নামে ঋণ নিয়ে ২৫ শতাংশ জমি লিজ নিয়ে সবজির বাগান করে। শাহিদা বেগম আমাদের পথে বসিয়ে দিল।’

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টির তদন্ত প্রক্রিয়াধীন।

অপরদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় পূর্বশত্রুতার জেরে চার শতাধিক গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গত শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভার জানেরচালা এলাকায় আমজাদ হোসাইনরা নিজেদের জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগান। কিন্তু বৃহস্পতিবার রাতের আঁধারে প্রতিপক্ষ একই এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মেহেদী হাসান লিটন কয়েকজন লোক নিয়ে ওই বাগানের চার শতাধিক গাছের চারা উপড়ে ফেলেন। এ ব্যাপারে আমজাদ হোসাইন গত শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন।

তবে, মেহেদী হাসান লিটন বলেন, ‘চারা উঠানোর বিষয়টি আমার জানা নেই।’ 

কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান বলেন, বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত