বৈরী আবহাওয়ার কবলে পরে আটকে যাওয়া এমভি আল-ওয়ালিদ-৯ লঞ্চের ৭০ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল।
কোস্টগার্ড জানায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে এমভি আল-ওয়ালিদ-৯ লঞ্চটি ৬০-৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। রাত সোয়া ১২টার দিকে লঞ্চটি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ উলানিয়া লঞ্চঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে। এসময় লঞ্চটি কালীগঞ্জ উলানিয়া লঞ্চঘাটের পন্টুন সংলগ্ন ব্লকের ওপর উঠে যায়।
বিষয়টি কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্ত কালীগঞ্জ স্টেশনের সদস্যরা অবগত হন এবং দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় লঞ্চের ৬০-৭০ জন যাত্রীকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া উদ্ধার করা হয়।
