সাগরে ট্রলারডুবি: মৃত্যু বেড়ে ৭

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১০:০৩ পিএম

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সাত জনের মরদেহ উদ্ধার হলো। এখনো নিখোঁজ আছেন একজন। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২১ আগস্ট) সকালে কক্সবাজার শহর-সংলগ্ন বাঁকখালী নদীর মোহনার সাগরের বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয় জেলেরা তিন জেলের মরদেহ উদ্ধার করেন। ওই ৩ জন হলেন হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার। পরে বিকালে নাজির হোসেন (২৮) ও  নুরুল ইসলামের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ আছেন একই গ্রামের খোরশেদ আলম বাবু (২৮)।

পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার সদর উপজেলার খুরুশকুলের বাসিন্দা জাকির হোসাইনের মালিকাধীন একটি ট্রলার ১৯ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ফেরার সময় শুক্রবার নাজিরারটেক পয়েন্টে সাগরে বৈরী আবহাওয়ায় এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয় কোস্ট গার্ড সদস্য ও জেলেরা তাৎক্ষণিকভাবে আটজনকে জীবিত উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয় রাতে। নিখোঁজ বাকি আট জেলের মধ্যে শনিবার দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার উদ্ধার করা হলো আরও পাঁচজনের মরদেহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত