বাজার থেকে টিসিবির ডাল চিনি আটক করল জনতা

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১২:২৩ এএম

নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজার থেকে টিসিবির প্রায় ৭৮ কেজি ডাল ও ৫০ কেজি চিনি আটক করেছে জনতা। অভিযোগ উঠেছে আউড়িয়া ইউনিয়ন পরিষদের দুজন সদস্য এসব পণ্য বিক্রির জন্য ভ্যানযোগে অন্যত্র পাঠাচ্ছিলেন। গতকাল রবিবার সকালে নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ^াস দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যার পর নাকসী মাদ্রাসা বাজার থেকে ভ্যানে করে নেওয়ার সময় পণ্যগুলো আটক করে স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী নাকসী গ্রামের মশিয়ার সিকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ভ্যান চিনি ও ডাল নিয়ে যাচ্ছিল। বস্তার গায়ে টিসিবি লেখা দেখে সন্দেহ হয়। তখন ভ্যানচালক তুহিনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, নাকসী বাজারের মুদি দোকানদার জহির শেখ এসব মাল ভ্যানে করে নাকসী বাসস্ট্যান্ডের দিকে নিয়ে যেতে বলেছে।

জহির শেখ বলেন, ‘আউড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্বাস আলী ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান চিনি ও ডাল নাকসী বাসস্ট্যান্ডের দিকে নেওয়ার জন্য ভ্যান ডেকে দিতে বলে। সে কারণে ভ্যান পাঠিয়ে এসব পণ্য আনা হয়। তবে এসব টিসিবির পণ্য আমার জানা ছিল না।’

এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, ‘টিসিবির পণ্য বিক্রির পর কিছু চিনি ও ডাল ছিল। সেগুলো ভ্যানে করে অন্য জায়গায় রাখার জন্য নেওয়া হচ্ছিল।’ প্যাকেটগুলো কাটার ব্যাপারে তিনি দাবি করেন, ‘কিছু প্যাকেট ছেঁড়া ছিল।’

৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্বাস আলী বলেন, ‘কিছু চিনি ও ডাল গাড়িতে ছিল। পরে তা ইউনিয়ন পরিষদের সিঁড়িতে রেখে দিয়েছিল। এসব মাল কে নিয়ে যাচ্ছিল আমার জানা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত