সম্রাটের হৃৎপিণ্ডের ব্রাজিল সফর

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:২৬ এএম

ব্রাজিল সফর করছে দেশটির প্রথম সম্রাট পেদ্রোর ‘হৃৎপিণ্ড’। ব্রাজিলের স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে পর্তুগাল থেকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় যাচ্ছে সম্রাটের হৃদয়। একটি স্বচ্ছ পাত্রে ফরমাডিহাইড দ্রবণে সংরক্ষিত হৃৎপিণ্ডটিকে বিশেষ উড়োজাহাজে ব্রাজিলে পাঠাচ্ছে পর্তুগাল। ব্রাসিলিয়ায় সামরিক অভিবাদনের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্রাটের হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সাধারণ ব্রাজিলীয়রা। স্বাধীনতা দিবস উদযাপন শেষে এটি আবার ফিরে যাবে পর্তুগালে। ২০০ বছর আগে পর্তুগালের কাছ থেকেই স্বাধীন হয় ব্রাজিল। তাই দেশটির স্বাধীনতার দ্বিশতবর্ষ উদযাপনকে বাড়তি মাত্রা দিতে ব্রাজিলের প্রথম সম্রাট পেদ্রোর হৃৎপিণ্ডের সৌজন্য সফরে সায় দিয়েছে পর্তুগিজ সরকার। হৃদয় নিয়ে পর্তুগিজ শহর পোর্তোর মেয়র রুই মোরেইরা ব্রাসিলিয়ায় রওনা দেবেন। ব্রাজিলের পররাষ্ট্র মুখপাত্র অ্যালান কোয়েলহো দে সেলোস বলেন, ‘সম্রাটের হৃৎপিণ্ডকে একজন রাষ্ট্রপ্রধানের মর্যাদায় বরণ  করা হবে, যেন ডম পেদ্রো আমাদের মাঝে জীবিত এবং তিনি স্বয়ং সফরে এসেছেন।’ ব্রাসিলিয়ায় কামান দেগে, গার্ড অব অনার এবং অন্যান্য সামরিক কায়দায় সম্রাটের হৃদয়ের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সেলোস আরও জানান, পেদ্রো কেবল একজন সম্রাটই নন, তিনি একজন ভালো সংগীতজ্ঞ ছিলেন। ব্রাজিলের জাতীয় সংগীত ও স্বাধীনতাগীত রচনা করেছেন পেদ্রো। অবশ্যই এই আয়োজনে তার রচিত গান বাজবে। ১৭৮৯  সালে পর্তুগালের রাজপরিবারে জন্মগ্রহণ করেন ডম পেদ্রো। সে সময় আজকের ব্রাজিলেও ছিল তার পরিবারের রাজত্ব। ১৮২১ সালে তার বাবা চতুর্থ কিং জনের কাছ থেকে মাত্র ২২ বছর বয়সে ব্রাজিল সামলানোর দায়িত্ব পান। তখনো ব্রাজিলের কর্র্তৃত্ব ধরে রাখতে চেয়েছিল পর্তুগাল। কিন্তু ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা ঘোষণা করে দেশটির প্রথম সম্রাট হন ডম পেদ্রো। এরপরও তিনি থেমে থাকেননি, পর্তুগালের সিংহাসনে নিজ কন্যার উত্তরাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নামেন তিনি। তবে সেখানেই মাত্র ৩৫ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুশয্যায় ব্রাজিল সম্রাটের শেষ ইচ্ছা ছিল, তার দেহ থেকে হৃৎপিণ্ডটি বের করে যেন পোর্তো নগরে রাখা হয়। শেষ ইচ্ছানুযায়ী নগরের লেডি লাপা গির্জায় সংরক্ষণ করা হয় সম্রাটের হৃৎপিণ্ড। এর আগে ১৯৭২ সালে ব্রাজিলের স্বাধীনতার ১৫০ বছর উপলক্ষে সম্রাটের দেহাবশেষ ব্রাজিলে নেওয়া হয়। তখন থেকেই সম্রাটের দেহ আছে ব্রাজিলের সাও পাওলোতে এবং হৃৎপিণ্ড পর্তুগালের পোর্তোতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত