সরকারের ভিজিডি কর্মসূচির খাদ্য বিতরণে ওজনে কম দেওয়া ও পরিবহন খরচের নামে টাকা আদায়ের অভিযোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন ওই কারণ দর্শানোর নোটিস দেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে চেয়ারম্যানকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউএনও বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগে জানা গেছে, বোতলাগাড়ী ইউনিয়নে চলতি ২০২১-২২ অর্থবছরে ভিজিডি কর্মসূচির আওতায় ৭১৬ জন সুবিধাভোগী রয়েছেন। প্রত্যেকে প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। গত জুলাই মাসের ভিজিডির চাল বিতরণ করা হয় গত ২৩ আগস্ট। ওই দিন সৈয়দপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ভিজিডির খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে দেখতে পান, চেয়ারম্যান সুবিধাভোগীদের কাছ থেকে খাদ্য পরিবহন খরচ বাবদ ৩০ থেকে ৪০ টাকা করে গ্রহণ করছেন এবং চাল ৩০ কেজির পরিবর্তে ২৭/২৮ কেজি করে দিচ্ছেন।
