কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের এক কেজি ৭০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার (২৬ আগস্ট) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মোচনী বাজারের পেছনের লবণের মাঠ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
তবে পাচার কারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
খালিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণের ঢিবি এবং বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। রাত ০৩টা ৪৫ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে শূণ্যলাইন অতিক্রম করে দুজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় ওই ব্যক্তিরা বহনকৃত একটি ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে এক কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৮৫ লাখ টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
