কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) কর্মরত শিক্ষকদের পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বরিশাল প্রেস ক্লাবে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগীয় আহ্বায়ক কমিটির নেতারা এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক জিন্নাত রেহেনা ফেরদৌসী বলেন, ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে ২০০৪ সালের পর থেকে কোনো কারিগরি শিক্ষক নিয়োগ প্রদান না করায় সরকারের লক্ষ্য অর্জনের জন্য টিএসসিতে কর্মরত কারিগরি শিক্ষকরা ৩-৪ গুণ দায়িত্ব পালন করছেন। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির সঙ্গে অতিরিক্ত কোর্স হিসেবে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত শিক্ষকরা বিনা পারিশ্রমিকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সফলতার সঙ্গে পরিচালনা করেছেন এবং বর্তমানে নিয়মিত কোর্সের সঙ্গে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও বিএমটি একাদশ শ্রেণির অতিরিক্ত কোর্স হিসেবে পরিচালনা করছেন।
দীর্ঘ ১৮ বছর রাজস্ব খাতে চাকরি করে কোনো শিক্ষক পদোন্নতি পাননি। যদিও নিয়োগ বিধি এবং সরকারি চাকরি আইন অনুযায়ী পদোন্নতির সব শর্ত পূরণ করেছেন দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ এসব শিক্ষক। অথচ কোনোরূপ দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে ৩৮তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ এবং ৪০তম বিসিএস থেকে নিয়োগের চেষ্টা চলছে।
তিনি বলেন, কর্মীদের কর্মস্পৃহা বাড়াতে সরকার কর্মচারীদের বিভিন্ন প্রণোদনা প্রদান করে থাকে। কিন্তু টিএসসিতে কর্মরত শিক্ষকরা ১৮ বছর রাজস্ব খাতের একই পদে কর্মরত থাকার পরও কোনো সিলেকশন গ্রেড ও টাইমস্কেল দেওয়া হয়নি। এতে দেশের কারিগরি শিক্ষা প্রদানকারী শিক্ষকরা হতাশার মধ্যে রয়েছেন।
শিক্ষকদের পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের দাবিতে একাধিকবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত দাবি জানালেও বাস্তবায়ন হয়নি। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
