প্রধানমন্ত্রীর সঙ্গে পিটার হাসের প্রথম সাক্ষাৎ বৃহস্পতিবার

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০১:৪৭ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাচ্ছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সাক্ষাৎ করতে যাবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ বছরের ১ মার্চ ঢাকায় দায়িত্ব নিয়ে আসার পরই পিটার হাস সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময়সূচি চেয়েছেন। কিন্তু করোনা নিয়ে সতর্কতাসহ নানা ইস্যুতে ছয় মাসেও প্রধানমন্ত্রীর সাক্ষাতের শিডিউল পাননি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

তবে সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণে চীন, রাশিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। আবার আগামী বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক দলগুলোর কাছেও প্রভাবশালী দেশগুলোর মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আবার ৫ সেপ্টেম্বর শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। এদিকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল। আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমর্থন চায়। ফলে এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

জানা গেছে, এই সাক্ষাতে পরিচয়পর্ব ছাড়াও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

চলতি বছরের ১ মার্চ ঢাকায় আসেন পিটার হাস। ১৫ দিনের মাথায় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন। বঙ্গভবনে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতি তার পরিচয়পত্র গ্রহণ করেন। নতুন দূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপ্রধান সেদিন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দ্বিপক্ষীয় সম্পর্কের গণ্ডি পেরিয়ে এটি এখন ব্যবসা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত এবং গভীর। রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পাশে থাকা ছাড়াও টিকা ও করোনা মোকাবিলার সরঞ্জামাদি দেওয়াসহ সর্বাত্মক সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

পরিচয়পত্র পেশ করতে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস অশ্বারোহী দল তাকে গার্ড অব অনারসহ উষ্ণ অভিবাদন জানায়।

ঢাকায় তিন বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাওয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হওয়া পিটার হাস সর্বশেষ অর্থনীতি ও ব্যবসাবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত