রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ বলে উল্লেখ করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম সানজানা (২১)। তিনি বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আত্মহত্যার আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘অত্যাচারী ও রেপিস্ট’ উল্লেখ করেছেন।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সানজানা আজ শনিবার দুপুরের দিকে ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শনিবার দুপুরের দিকে কাপড় শুকানোর কথা বলে বাসার সিকিউরিটি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে ছাদে যান ওই শিক্ষর্থী। পরে ১০তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যার আগে ওই শিক্ষার্থী একটি সুইসাইড নোট লিখে গেছেন। সুইসাইড নোটটি উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে লিখা রয়েছে, আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়। কিন্তু অমানুষের সঙ্গে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।
ওই তরুণীর মা গণমাধ্যমকে বলেন, ওর বাবা দুটি বিয়ে করেছে। এ নিয়ে আমাদের পরিবারে অশান্তি লেগেই ছিল। বাবার অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়েটি আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা গণমাধ্যমকে বলেন, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
