বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে কর্মসূচি ডাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির রবিবার সকালে এ আদেশ জারি করেন।
পীরগঞ্জ পৌর মুন্সিপাড়া মাইক্রো স্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা আহ্বান করে উপজেলা বিএনপি।
একই স্থানসহ গোটা পৌর এলাকায় উপজেলা আওয়ামী লীগও সভা আহ্বান করে। দুটি দলের নেতাকর্মীদের মধ্যে সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জনগণের নিরাপত্তার স্বার্থে পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রো স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।
এ সময়ে উক্ত এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল এবং আইনশৃঙ্খলা পরিপন্থী সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
