ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সিএনজি অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলা সদরের পুষটকামুরী সওদাড়পাড়া গ্রামের ওয়াছির মিয়ার ছেলে আতিক মিয়া (৫৬) ও আমজাদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৩)। তারা দুজনেই সিএনজি অটোরিকশার চালক।
এলাকাবাসী ও পুলিশ জানান, সোমবার রাত ৮টার দিকে আতিক মিয়া তার সহকর্মী জুয়েলকে নিয়ে তার সিএনজিচালিত অটোরিকশাযোগে সদরের চড়পাড়া বাইপাস পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি ধুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই আতিক এবং কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৮টার দিকে জুয়েলের মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
