রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মো. মুরশেদুল কবীর, সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আফজাল করিমের ও রূপালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর গতকাল নিজ নিজ ব্যাংকে যোগদান করেছেন। গত ১৪ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করে ব্যাংক তিনটির চেয়ারম্যানের কাছে পাঠিয়ে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
রূপালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৯০ সালে অফিসার হিসেবে রূপালী ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন। এমডি হিসেবে যোগদানের আগে তিনি রূপালী ব্যাংকের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ক্রেডিট কমিটির প্রধান, আন্তর্জাতিক বিভাগ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর আগে তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে সুনাম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে সফলতার সঙ্গে শাখা প্রধান ছাড়াও তথ্যপ্রযুক্তি বিভাগ, অল্টারনেট ব্যাংকিং বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই রূপালী ব্যাংক সর্বপ্রথম ম্যানুয়াল ব্যাংকিং থেকে আধুনিক কম্পিউটারাইজড ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকিং কর্মকা-ের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীর ১৯৮৮ সালে ২৩ ফেব্রুয়ারি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময় তিনি জনতা ব্যাংকে কর্মরত ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, বিভাগীয় প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে অক্টোবর মাসে তিনি জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে পদোন্নতি পান। ২০২০ সালের ২৭ অক্টোবর তাকে সোনালী ব্যাংকের ডিএমডি হিসেবে পদায়ন করা হয়।
সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আফজাল করিম বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) এমডি ছিলেন। বিএইচবিএফসিতে যোগদানের আগে তিনি সোনালী ব্যাংকের ডিএমডি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি ও জিএম পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মো. আফজাল করিম ১৯৯৫ সালে বিএইচবিএফসিতে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে চাকরিতে যোগদান করেন এবং একই প্রতিষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক হিসেবে বিভিন্ন বিভাগের দায়িত্বসহ মহাব্যবস্থাপকের চলতি দায়িত্বও পালন করেন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনে যোগদানের আগে তিনি সরকারি প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি আরও ৪টি প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে প্রায় ৮ বছর কাজ করেছেন।
