কাপাসিয়ায় ইউপি সদস্যকে পেটালেন ছাত্রলীগ নেতা

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১১:১৩ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রলীগ নেতার হামলার শিকার হয়েছেন এক ইউপি সদস্য। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত সরকার সোহরাব রায়েদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।

ইউপি সদস্য সরকার সোহরাব জানান, গতকাল বেলা ১১টার দিকে রায়েদ ইউনিয়ন পরিষদ চত্বরে তার সঙ্গে চালের কার্ড নিয়ে ইউপির সহকারী সচিব নাজমুল ইসলামের কথাকাটাকাটি হয়। এ সময় চেয়ারম্যান শফিকুল হাকিম হিরন মোল্লা উপস্থিত হয়ে পুনরায় তার (মেম্বার সরকার সোহরাব) সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে চেয়ারম্যান হিরন মোল্লা ক্ষিপ্ত হয়ে তাকে মারার জন্য রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি (চেয়ারম্যান হিরন মোল্লার ভাগ্নে) রাহাতকে খবর দেন। পরে রাহাত ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীসহ ১৫-২০ জনকে নিয়ে ধারালো অস্ত্রসহ তার (মেম্বার সোহরাবের) ওপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ছাত্রলীগ নেতা রাহাত বিন আব্বাস ওই ইউপি সদস্যকে মারধর করার কথা অস্বীকার করেছেন।

রায়েদ ইউপি চেয়ারম্যান হিরন মোল্লা বলেন, ‘সোহরাব প্রথমে আমাকে মারার জন্য চেয়ার নিয়ে আসে। পরে আরেক মেম্বার আবুল হোসেন এবং ছাত্রলীগ নেতা রাহাত তাকে আটকানোর চেষ্টা করলে পড়ে গিয়ে সোহরাব মাথায় আঘাত পায়।’

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত