২ চালককে হত্যা করে ব্যাটারি অটোরিকশা ছিনতাই

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২:৩৮ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে এবং বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যানের ব্যাটারির জন্য ছুরিকাঘাত এবং জবাই করে হত্যা করা হয়েছে দুই চালককে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে রোকন উদ্দিন (২৪) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে গোদনাইল ধনকু-া মদিনাবাগ এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রোকন উদ্দিন ধনকু-া মধুবন এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।  

নিহতের ফুফাতো ভাই মো. জাহাঙ্গীর বলেন, রবিবার রাত ১০টার দিকে রোকন অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি। সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি রোকনের লাশ উদ্ধার করা হয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানার এসআই তন্ময় ম-ল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করি। পরে সিআইডি ও পিবিআই পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করলে স্বজনদের খবর দেওয়া হয়। লাশের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত রয়েছে। গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়। অটোরিকশার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে। হত্যার রহস্য উদঘাটন ও ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বগুড়া ও দুপচাঁচিয়া : হারুন (৪৫) নামে এক অটোভ্যান চালককে ছুরিকাঘাতে হত্যার পর ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের করমজী এলাকার রাস্তার পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ। নিহত হারুন উপজেলার ইসলামপুর বড়বাড়িয়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুৎশহর করমজী এলাকায় গ্রামবাসী ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। হারুনের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত ও পায়ের রগ কাটা ছিল। ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বাগান থেকে অটোভ্যানটি উদ্ধার করেছে। তবে তাতে ব্যাটারি ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত