মিয়ানমার থেকে দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এসে পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করেছিল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। যদিও সে সময় চুপচাপ ছিলেন মিয়ানমার রাষ্ট্রদূত।
গতকাল সোমবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করে এ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্র বলছে, মিয়ানমারের রাষ্ট্রদূত এ ঘটনার কোনো উত্তর দেননি এবং দুঃখ প্রকাশ করার বিষয়টি বেশ কৌশলগত অবস্থান থেকে করেছেন। এ ঘটনায় রাষ্ট্রদূতকে তাদের অবস্থান জানানোর কথা বলা হলে তিনি তার দেশের সঙ্গে আলাপ করে জানানোর বিষয়টি উল্লেখ করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতকে তলব করা হলেও কোনো কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়নি।
বিভিন্ন প্রশ্নের মুখে মিয়ানমার রাষ্ট্রদূত নীরবতা পালন করেছেন এবং খুবই কম কথা বলেছেন উল্লেখ করে কূটনৈতিক সূত্র জানায়, রাষ্ট্রদূত উ অং কিয়াউ পূর্ণ শব্দের প্রকাশ এড়িয়ে গিয়ে হ্যাঁ-না সূচকের সঙ্গে শারীরিক অঙ্গভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন তলব-পরবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে মৌখিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
গত রবিবার বিকেলে বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। এর পরপরই সেখানে সেনাবাহিনী ও বিজিবির বোমা বিশেষজ্ঞ দল হাজির হয়ে মর্টার শেল নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।
