নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৯:২০ পিএম

নরসিংদীতে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা করেছে মুক্তিযোদ্ধা কমান্ড। 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাঁচদোনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এ আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।

নরসিংদী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেবের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, মুক্তিযুদ্ধকালীন নরসিংদী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ ইমাম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ দেশ উন্নতির পথে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদের হাত থেকে বাদ যায়নি পরিবারের ছোট ছেলে শেখ রাসেলও। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের প্রধান লক্ষ্যই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহ নিজ হাতে তাকে বাঁচিয়েছেন। আজও সেই ঘাতকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটাকে ধব্বংস করার জন্য। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন কোনো ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষতি করতে না পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত