বাংলাদেশকে পানিবিহীন টেক্সটাইল হাবে পরিণত করতে প্রযুক্তিগত সহায়তা করবে বিশ্বখ্যাত টেক্সটাইল প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিনোলজিয়া। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে জিনোলজিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও এনরিক সিলা সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
জিনোলজিয়া বাংলাদেশের পোশাকশিল্পকে সর্বশেষ টেক্সটাইল প্রযুক্তি এবং প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার জন্য সেন্টার অব ইনোভেশন, ইফিশিয়েন্সি এবং ওএসএইচকে (উদ্ভাবনা, দক্ষতা এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যকেন্দ্র) প্রযুক্তিগত জ্ঞান দিয়ে সহায়তা প্রদান করবে। বাংলাদেশের পোশাকশিল্পকে আরও দক্ষ ও টেকসই হয়ে উঠতে উদ্ভাবনামূলক প্রযুক্তি ও প্রক্রিয়া গ্রহণে সহায়তা করার জন্য একসঙ্গে কাজ করবে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্প মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে টেকসই উপায়ে প্রবৃদ্ধি বাড়াতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই জিনোলজিয়ার সঙ্গে সহযোগিতা প্রদানের বিষয়টি এসেছে।’
