বরিশালে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে তিনটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টারকে। এছাড়া টাঙ্গাইলে অবৈধ চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহীন খানের নেতৃত্বে এ অভিযানে বরিশাল নগরের বান্দরোডে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে কাগজপত্রবিহীন তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এছাড়া একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
বন্ধ করে দেওয়া অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো রয়েল সিটি সেন্টার, বরিশাল সিটি সেন্টার এবং সায়েন্স ল্যাব। বন্ধ করে দেওয়া তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া সুলতানা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।
টাঙ্গাইল : টাঙ্গাইলে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে কোনো বৈধ কাগজপত্র না থাকায় চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
সিলগালা করা ক্লিনিকগুলো হলো পৌর এলাকার আছিয়া ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, মক্কা মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও সাবালিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
