নারায়ণগঞ্জের বন্দরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল আহমেদ (২৮) নামের এক ইউপি মেম্বারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর আন্দিরপাড় হেদায়েত পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর আন্দিরপাড় হেদায়েতপাড়া গ্রামে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে র্যাব-১০। এসময় তার কাছ থেকে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩টি কার্তুজ, ৫টি ছুরি, ১টি চাপাতি ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার সোহেল মদনপুর ইউনিয়ন পরিষদের সদস্য। তাকে মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
