টাঙ্গাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাইফুল ইসলাম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ঘাটাইল উপজেলার উত্তর বিলডোবা গ্রামের মৃত নঈম আলী মন্ডলের ছেলে। তিনি চতিলা দাখিল মাদরাসার সাবেক শিক্ষক।
আহতরা হলেন- ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকার ফরিদা বেগম, ফরিদা বেগমের পুত্রবধূ নুসরাত জাহান হিমু (২৫) ও ভাসুর আব্দুল করিম (৪৫)। আহতদের মধ্যে হিমুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ। আহত অন্য দুই জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে টাঙ্গাইল যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী সূর্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই শিক্ষকের মৃত্যু হয়।
এ ঘটনায় নারীসহ অটোরিকশায় থাকা আরও তিনজন গুরুতর আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
