সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। একই সঙ্গে সোভিয়েত সাম্রাজ্যের পতন রোধ করতে ব্যর্থ এই নেতাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুমতিও দেননি বর্তমান রুশ এই প্রেসিডেন্ট। যদিও ২০০৭ সালে মারা যাওয়া রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুমতি পুতিন দিয়েছিলেন।
ক্রেমলিন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার কর্মব্যস্ততার কারণে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। গত মঙ্গলবার গর্বাচেভ মারা যান। গত বৃহস্পতিবার মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘দুর্ভাগ্যবশত প্রেসিডেন্টের কাজের সময়সূচি তাকে ৩ সেপ্টেম্বর শেষকৃত্যে যোগদান করার সময় দেবে না, যে কারণে তিনি আজ এমন সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি বলেন, গর্বাচেভের অনুষ্ঠানে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ‘উপাদান’ থাকবে এবং রাষ্ট্রই এটি আয়োজনে সহায়তা করছে। তবুও এতে ইয়েলৎসিনের অন্ত্যেষ্টিক্রিয়ার তুলনায় বেশ বৈপরীত্য থাকবে।
২০০৭ সালে ইয়েলৎসিন মারা গেলে পুতিন রাশিয়ায় জাতীয় শোক দিবস ঘোষণা করেন এবং বিশ্ব নেতাদের সঙ্গে মস্কোর ক্যাথেড্রাল অব ক্রাইস্ট দ্য সেভিয়ারে একটি বিশাল রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন। সংবাদমাধ্যম বলছে, শেষকৃত্যে পুতিনের যোগদান না করার সিদ্ধান্তটি এমন একজন ব্যক্তির মৃত্যুতে ক্রেমলিনের শীতল প্রতিক্রিয়াকেই তুলে ধরে। ১৯৮৫ সালে ক্ষমতায় আসার পর মিখাইল গর্ভাচেভ ‘গ্লাস্তনস্ত’ (উন্মুক্ততা) এবং ‘পেরেস্ত্রোইকা’ (পুনর্গঠন) নামে পরিচিত সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিলেন।
এই ধরনের পদক্ষেপের কারণে হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশে প্রশংসিত হয়েছিলেন গর্ভাচেভ। মূলত এ পদক্ষেপগুলোর কারণেই বার্লিন প্রাচীরের পতন, জার্মানির পুনর্মিলন এবং শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হয়েছিল। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও গর্বাচেভের সম্পর্কে টানাপড়েন ছিল। পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনকে ‘(বিংশ) শতাব্দীর সর্ববৃহৎ ভূ-রাজনৈতিক বিপর্যয়’ বলে অভিহিত করে থাকেন।
বিদায় জানানোর পর গর্বাচেভকে মস্কোর নোভোদেভিচি সমাধিস্থলে তার স্ত্রী রাইসা গর্বাচেভের পাশে সমাধিস্থ করা হবে। রাইসা ১৯৯৯ সালে ৬৭ বছর বয়সে লিউকোমিয়ায় ভুগে মারা যান। মস্কোর এই গ্র্যান্ড হলটি ক্রেমলিন থেকে দেখা যায়। সোভিয়েত নেতা ভøাদিমির লেনিন, জোসেফ স্তালিন এবং লিওনিড ব্রেজনেভের শেষকৃত্যের আয়োজনও এখানেই করা হয়েছিল।
