শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিং ব্যবস্থা চালু করা হবে : শিক্ষামন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ এএম

অনৈতিকভাবে জোর করে কোচিং সেন্টার বা বাসায় পড়ানো নিষিদ্ধ করতে আইন করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিং ব্যবস্থা চালু করা হবে।’ 

গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোচিং কিন্তু কিছুটা দরকার হয়। আমাদের প্রতিটি স্কুলেই প্রায় শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। অনেক সময় শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমানভাবে নজর দেওয়া সম্ভব হয় না। এতে করে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে। সেক্ষেত্রে কখনো কখনো কোচিংয়ের দরকার হতে পারে। আমরা তার বিকল্প হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিং ব্যবস্থার কথা বলেছি আইনে।

মন্ত্রী আরও বলেন, কিন্তু কেউ যদি নিজের ক্লাসে না পড়িয়ে নিজ বাড়ি বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেয় বা নম্বর কম দেয়Ñএগুলো একেবারেই অনৈতিক। এটি নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষক নিজের শিক্ষার্থীদের ক্লাসে না পড়িয়ে কোচিংয়ে পড়াতে পারবেন না।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, ‘চাঁদপুরের ক্রিকেটাররা যাতে পুরো বছর ক্রিকেট অনুশীলন করতে পারে সেজন্য বিসিবিকে মাঠ করার জন্য জায়গার ব্যবস্থা করা হবে। খেলাধুলার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বেশি। চাঁদপুরে যেন এ ধরনের টুর্নামেন্ট সবসময় চলমান থাকে সেজন্য আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পরে তিনি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর বিজ্ঞান ক্লাব আয়োজিত বিজ্ঞান মেলা প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। পরে নিজ বাসবভনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত