বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ গানের তিনটিই তার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫২ এএম

বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে দেশের প্রখ্যাত গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারেরই লেখা তিনটি গান। গানগুলো হচ্ছে- ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ ও ‘একতারা তুই দেশের কথা বল’।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গাজী মাজহারুল আনোয়ার। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৬২-৬৩ সাল, তখন তিনি মেডিকেল কলেজে পড়েন। সেসময় লিখেছিলেন তার প্রথম গান। গানের কথা এমন ‘বুঝেছি মনের বনে রং লেগেছে’, যার সুর করেছিলেন নাজমূল হুদা বাচ্চু ও শিল্পী ছিলেন ফরিদা ইয়াসমিন।

১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লিখে ৫০ টাকা আয়ের মাধ্যমে তার পেশাদার গীতিকার জীবন শুরু। আর ১৯৬৫ সালে যুক্ত হন চলচ্চিত্রের সাথে। সুভাষ দত্তের ‘আয়না ও অবশিষ্ট’ ছবিতে ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গানটি দিয়ে চলচ্চিত্রের গান লেখা শুরু গাজী মাজহারুল আনোয়ারের।

তিনি একজন সফল কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালকও। গাজী মাজহারুল আনোয়ারের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল ‘দেশ চিত্রকথা’। গাজী মাজহারুল আনোয়ার প্রযোজিত ও পরিচালিত ছবিগুলোর মধ্যে অন্যতম শাস্তি, স্বাধীন, শর্ত, সমর, শ্রদ্ধা, ক্ষুধা, স্নেহ, তপস্যা, উল্কা, আম্মা, পরাধীন, আর্তনাদ,পাষাণের প্রেম, এই যে দুনিয়া।

গাজী মাজহারুল আনোয়ার ‘পীচ ঢালা পথ’, ‘নীল আকাশের নিচে’, ‘দীপ নেভে নাই’, ‘অবুঝ মন’, ‘চাষীর মেয়ে’, ‘সূর্যগ্রহণ’, ‘অনন্ত প্রেম’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘অশিক্ষিত’, ‘ডুমুরের ফুল’, ‘মহানগর’, ‘নতুন বউ’, ‘নাজমা’, ‘অভিযান’, ‘মা ও ছেলে’, ‘রাজলক্ষী শ্রীকান্ত’, ‘রাঙা ভাবী’, ‘ছুটির ফাঁদে’, ‘বাবার আদেশ’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’সহ অসংখ্য চলচ্চিত্রে গান লিখেছেন।

কাজের স্বীকৃতি হিসেবে পাঁচ বার গীতিকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও ২০০২ সালে একুশে পদক, ১৯৭২ সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক, এস এম সুলতান স্মৃতি পদক, একাধিকবার বাচসাস পদক সহ অসংখ্য পুরস্কার রয়েছে তার অর্জনে।

তার লেখা কিছু কালজয়ী গান হলো-  ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’ প্রভৃতি।

২০০৬ সালে তৈরি করা বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকা:

১. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি : রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর

২. মানুষ মানুষের জন্যে : মূল রচনা, সুরকার ও শিল্পী - ভূপেন হাজারিকা; বাংলা রূপান্তর -গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়

৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি : গীতিকার - আবদুল গাফফার চৌধুরী; সুরকার - আলতাফ মাহমুদ৻

৪. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই : শিল্পী -মান্না দে; গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার; সুরকার - সুপর্ণকান্তি ঘোষ

৫. এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা : সুরকার - আপেল মাহমুদ; গীতিকার - গোবিন্দ হালদার

৬. আমি বাংলায় গান গাই : কথা ও সুর - প্রতুল মুখোপাধ্যায়; শিল্পী - মাহমুদুজ্জামান বাবু

৭. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি : গীতিকার - গোবিন্দ হালদার; সুরকার ও শিল্পী - আপেল মাহমুদ

৮. তুমি আজ কতদূরে : শিল্পী - জগন্ময় মিত্র; গীতিকার - প্রণব রায়; সুরকার - সুবল দাসগুপ্ত

৯. এক নদী রক্ত পেরিয়ে : গীতিকার ও সুরকার - খান আতাউর রহমান; শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ

১০. ধন ধান্য পুষ্প ভরা : গীতিকার ও সুরকার - দ্বিজেন্দ্রলাল রায়

১১. মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে : শিল্পী ও সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়; গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার৻

১২. সালাম সালাম হাজার সালাম: শিল্পী - মহম্মদ আবদুল জব্বার; গীতিকার - ফজলে খুদা

১৩. জয় বাংলা বাংলার জয় : গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার; সুরকার - আনোয়ার পারভেজ

১৪. খাঁচার ভিতর অচিন পাখি : রচনা - লালন শাহ; শিল্পী - ফরিদা পারভিন

১৫. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে: শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ; গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার; সুরকার - আনোয়ার পারভেজ

১৬. কারার ওই লৌহকপাট : রচনা - কাজী নজরুল ইসলাম

১৭. এই পদ্মা এই মেঘনা : শিল্পী - ফরিদা পারভীন; গীতিকার ও সুরকার - আবু জাফর

১৮. চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধগগনে বাজে মাদল : রচনা - কাজী নজরুল ইসলাম

১৯. একতারা তুই দেশের কথা বল্‌ : শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ; সুরকার - আনোয়ার পারভেজ; গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার

২০. তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়: শিল্পী - মহম্মদ আবদুল জব্বার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত