আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুকুমান প্রদেশে ছড়ানো রহস্যময় এক রোগের পরিচয় মিলেছে। অঞ্চলটির একটি ক্লিনিকে এই রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানালো ওই চারজনই লিজিওনারিস রোগে মারা গেছে।
লিজিওনারিস ফুসফুসের অপেক্ষাকৃত বিরল ব্যাকটেরিয়া সংক্রমণ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লা ভিজোট্রি সাংবাদিকদের বলেছেন, এই চারজনের মধ্যে লিজিওনারিসকে ডাবল নিউমোনিয়ার (ফুসফুসে উভয় অংশ সংক্রমিত) অন্তর্নিহিত কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা উচ্চ জ¦র, শরীরে ব্যথা এবং শ^াসকষ্টে ভুগছিল।
বিবিসি জানাচ্ছে, সান মিগুয়েল ডি টুকুমান শহরের একটি ক্লিনিকে সোমবার থেকে এই চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার সকালে অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যাসহ ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। ৭০ বছর বয়সী নারী, যিনি ওই ক্লিনিকে অস্ত্রোপচার করেছিলেন, তিনিও এই নিউমোনিয়ায় মারা যান।
প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, আরও সাতটি লক্ষণীয় সংক্রমণ শনাক্ত করা হয়েছে, সবগুলোই একই প্রতিষ্ঠানের এবং প্রায় সবাই ক্লিনিকের কর্মী।
শনিবার প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী লুইস মেদিনা রুইজ বলেছেন, ‘এই সাতজনের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে শ^াসযন্ত্রের সহায়তা দেওয়া হচ্ছে এবং তিনজন কম জটিল ক্লিনিক্যাল লক্ষণসহ বাড়িতে নজরদারির অধীনে রয়েছেন।’ যুক্তরাষ্ট্রের শহর ফিলাডেলফিয়ায় আমেরিকান লেজিওন ভেটেরান্স গ্রুপের ১৯৭৬ সালের সভায় প্রথম দেখা দেওয়া এ রোগটি দূষিত পানি বা অপরিষ্কার শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত।
এবার আর্জেন্টিনায় যখন প্রাদুর্ভাব প্রথম শনাক্ত করা হয়েছিল, তখন ডাক্তাররা কভিড-১৯, ফ্লু ও হান্টাভাইরাসের জন্য আক্রান্তদের পরীক্ষা করেছিলেন। এতে তারা এ ধরনের রোগের ধারণা বাতিল করে দেন। পরে নমুনাগুলো বুয়েন্স আয়ার্সের মর্যাদাপূর্ণ মালব্রান ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় এটিকে ‘লিজিওনারিস’ রোগ হিসেবে শনাক্ত করা হয়। টুকুমান প্রাদেশিক মেডিকেল কলেজের সভাপতি হেক্টর সেল এ সপ্তাহের শুরুতে ব্যাকটেরিয়া সংক্রমণকে ‘আক্রমণাত্মক’ বলে বর্ণনা করেছেন। তবে তিনি যোগ করেছেন যে এটি সাধারণত ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয় না এবং ১১ জন সংক্রামিত ব্যক্তির মধ্যে কারও ঘনিষ্ঠ যোগাযোগ লক্ষণ দেখা যায়নি।
