রংপুরে দুই বাসের সংঘর্ষে সাতজন নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:০২ এএম

রংপুর সৈয়দপুর মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

রবিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই চারজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে আহতদের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে অন্তত ৪০জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহতদের চিকিৎসা চলছে বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত