রাজবাড়ীতে পদ্মার শহর রক্ষা বেড়িবাঁধের পাশ থেকে এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু কাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নবাসীর আয়োজনে উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর পাড়ে এ মানববন্ধন হয়। এ সময় নদীভাঙন রোধ এবং তীরসংলগ্ন স্কুল, মসজিদ-মাদ্রাসা, হাট-বাজার, কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় পদ্মা থেকে অবৈধভাবে বালু কাটা বন্ধের দাবি করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, মেছের আলী খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে গত কয়েক বছরে শহরের লাল গোলা থেকে অন্তরমোড় পর্যন্ত বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এখনো হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ, স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাট-বাজারসহ ফসলি জমি। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
