কুষ্টিয়ায় পদ্মা নদীতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৩ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে পলাশ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গরুর লেজ ধরে সাঁতরে পদ্মা নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যান।

পরে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের চাকলারচরের নিচে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। পলাশ একই ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের ইদ্রিস আলী সর্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, পলাশসহ ৩ জন বাথানের গরু নিয়ে মাঠে যান। পরে তারা গরুর লেজ ধরে সাঁতরে পদ্মা নদী পার হচ্ছিলেন। এ সময় দুইজন ডাঙ্গায় উঠলেও পলাশের হাত থেকে গরুর লেজ ছুটে গেলে পদ্মার নদীর প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর দুপুর ২টার দিকে পলাশের মৃতদেহ উদ্ধার করে এলাকার লোকজন।

মরিচা ইউনিয়নর চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, তার ইউনিয়নের ভুরকা এলাকার ইদ্রিস সর্দারের ছেলে পলাশ পদ্মা নদীতে ডুবে মারা গেছে। গরুর লেজ ধরে সাঁতরে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত