বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,আওয়ামী সন্ত্রাসীকর্তৃক লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাসায় হামলা নতুন কোনো ঘটনা নয়। আওয়ামী সন্ত্রাসীরা সারাদেশে গুম খুন ও হামলা-মামলা দিয়ে বিএনপির আন্দোলনকে পুলিশ বাহিনী দিয়ে দমন করতে চেয়েছে।
তিনি বলন, মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও মুক্তির জন্য রাস্তায় নেমেছে। স্বৈরাচারি সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণকে নিয়ে আন্দোলন চলবে। আওয়ামী লীগের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
মঙ্গলবার বিকালে বশির উল্যাহ্ চৌধুরীর হাউজিং এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, বিএনপি জনগণকে নিয়ে আন্দোলন করছে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ অন্য দল যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগের আকাম-কুকাম করা ছাড়া আর কোন পথ নেই। রাজনৈতিক দল হিসেবে এখন দেউলিয়া। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা কিছুসংখ্যক দুর্নীতিবাজ ব্যবসায়ী কতিপয় পুলিশ অফিসার সকারি কর্মকর্তা, র্যাব কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে দেশ চালাচ্ছে। তারা এখন জনবিচ্ছিন্ন।
জেলা বিএনপির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিএনপি নেতা আবুল খায়ের ভুইয়া, জহির উদ্দিন স্বপন, মাহবুবের রহমান শামীম, হারুনুর রশিদ, সাহাবুদ্দিন সাবু, নাজিম উদ্দিন আহাম্মেদ, আশ্রাফ উদ্দিন নিজান বক্তব্য রাখেন।
এ ছাড়া স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
