দায়িত্ব নিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:২৩ এএম

কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর গতকাল মঙ্গলবার বালমোরাল প্রাসাদে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস।

এই আনুষ্ঠানিকতার মাধ্যমে যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি। তার আগের দুই নারী প্রধানমন্ত্রী হলেন থেরেসা মে ও ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত মার্গারেট থ্যাচার। তারা দুজনই ছিলেন কনজারভেটিভ পার্টির।

রেকর্ডভাঙা মুদ্রাস্ফীতি, জ¦ালানি সংকট ও বেকারত্বের টালমাটাল পরিস্থিতিতে যুক্তরাজ্যের সর্বোচ্চ অভিভাবক রানী এলিজাবেথ লিজ ট্রাসকে দেশ পরিচালনার দায়িত্ব দিলেন। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, রানী এলিজাবেথ আজ (মঙ্গলবার) লিজ ট্রাস এমপিকে শুভেচ্ছা এবং নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। 

কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হওয়ার পর সরকার গঠনে ব্রিটিশ রানীর অনুমোদন পেতে মঙ্গলবার রাজপরিবারের স্কটিশ প্রাসাদ বালমোরালে যান ট্রাস। সেখানে রানীর হাত চুম্বনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ট্রেজারির প্রথম লর্ড হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে মঙ্গলবার সকালের দিকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন একই প্রাসাদে রানীর কাছে পদত্যাগপত্র জমা দেন। নানা বিতর্ক ও নিজের মন্ত্রীদের বিদ্রোহের মুখে ক্ষমতায় আসার তিন বছরের মাথায় পদত্যাগে বাধ্য হন বরিস জনসন।

৯৬ বছর বয়সী রানী এলিজাবেথের ৭০ বছরের রাজত্বকালে তিনি এ পর্যন্ত ১৫ জন প্রধানমন্ত্রীকে অনুমোদন দিয়েছেন। সর্বশেষ তিনি যুক্তরাজ্যের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ৪৭ বছর বয়সী ট্রাসকে দায়িত্ব দিলেন।

এর আগে গত সোমবার ভোটের ফলাফলে ৮১ হাজার ৩২৬টি ভোট পেয়ে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন লিজ ট্রাস। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক পান ৬০ হাজার ৩৯৯ ভোট। ফলে ৪২ বছর বয়সী সুনাকের চেয়ে ২০ হাজার ৯২৭টি ভোট বেশি পেয়ে কনজারভেটিভদের নেতা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিজ ট্রাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত