কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ভ্যাট আদায়ের সময় তাপস কুমার দাস (৩৩) নামে একজন আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি ঘাটপার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
ওই ভুয়া কর্মকর্তা উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের হৃদয় কুমার দাসের ছেলে।
জানা গেছে, তপন নিজেকে জয়মনিরহাট কাস্টমস অফিসের কর্মকর্তা পরিচয়ে মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী ঘাটপাড় বাজারে জনৈক আমিনুর রহমানের টিনের দোকান ও মামুনুর রশিদের দোকানে গিয়ে ভ্যাটের কথা বলে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। সে বলে এ মাসে ১ হাজার ৫শ টাকা দিতে হবে এবং পরবর্তী মাসে ৩ হাজার টাকা দিতে হবে। না হলে ভ্যাট ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় তপনের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তপনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তপনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের কাস্টমস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তপন নামে আমাদের অফিসে কোন কর্মকর্তা নেই।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বলেন, যাদের কাছে চাঁদা চেয়েছে তারা যদি কেউ অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি অভিযোগ না করে তাহলে নিবর্তনমূলক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।
