‘সচিব’ পরিচয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমানকে মুঠোফোনে কল দিয়ে ‘অনৈতিক ও রাজনৈতিক’ তদবিরের অপরাধে দেওয়ান মাহবুব হোসেন (৩৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানার পুলিশ। গতকাল বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে একটি প্রতারণার মামলা করেছেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গত ২৭ আগস্ট দেওয়ান মাহবুব হোসেন আমার মোবাইফোনে কল দিয়ে বলেন, ‘আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমার কাছের আত্মীয় নবাবগঞ্জে বসবাস করেন।’ পরে একটি তদবির বাস্তবায়নের নির্দেশ করেন আমাকে। এ সময় মাহবুবের কথায় আমার সন্দেহ হয়। তাকে বারবার অফিসে আসার তাগিদ দিলেও মাহবুব আসেননি।
