বিএনপির তিন কর্মী নিহতের ঘটনায় ডিকসনের উদ্বেগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ এএম

ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিএনপির তিন কর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন। গতকাল বুধবার দুপুরে হাইকমিশনার তার বাসায় বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। পরে এক টুইট বার্তায় তিনি এ উদ্বেগের কথা জানান।

বিএনপি নেতারা জানান, দেশব্যাপী চলমান বিক্ষোভ কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলা এবং পুলিশের গুলিতে তিন নেতা নিহত হওয়ার ঘটনার সার্বিক চিত্র রবার্ট ডিকসনকে জানান তারা।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।

ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপি নেতারা দেশের বিভিন্ন জায়গায় দলের কর্মসূচিতে হামলার বিষয়টি তুলে ধরেন বলে জানান বৈঠকে উপস্থিত এক নেতা। তিনি বলেন, আমরা হাইকমিশনারকে বলেছি বিএনপি জনসম্পৃক্ততামূলক ইস্যুতে কর্মসূচি পালন করছে। কিন্তু সরকারি দল ও পুলিশ এসব কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা চালাচ্ছে।

বৈঠক শেষে যুক্তরাজ্য হাইকমিশনের ফেইসবুক বার্তা ও রবার্ট ডিকসন টুইট বার্তায় বলেন, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে তারা আলোচনা করেছেন। যুক্তরাজ্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতায় বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে তিনজন বিএনপিকর্মী নিহত হওয়ার ঘটনায় খুবই উদ্বিগ্ন। ডিকসন রাজনৈতিক দলগুলোকে সংযত থাকার এবং সহিংসতার বদলে সংলাপকে বেছে নেওয়ার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত