কানাডার সাসকাচুয়ান প্রদেশে ছুরি নিয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয় হামলাকারীও মারা গেছেন। পুলিশ হেফাজতে নেওয়ার পর তিনি মারা যান বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, সাসকাচুয়ান প্রদেশে গত রবিবার ক্ষুদ্র জাতিগোষ্ঠী-অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৮ জন আহত হন। আহত ১০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় ডেমিয়েন স্যান্ডারসন (৩১) ও মায়েলস স্যান্ডারসন (৩০) নামে দুই সন্দেহভাজনকে খুঁজতে থাকে পুলিশ।
এর মধ্যে সোমবার ডেমিয়েনর লাশ উদ্ধার হয়। জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় একটি বাড়ির কাছে ঘন ঘাসের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর পুলিশি হেফাজতে মারা গেলেন দ্বিতীয় সন্দেহভাজন।
