জেলা পরিষদ নির্বাচন

রাজশাহীর আওয়ামী লীগ নেতাদের দৌড়ঝাঁপ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭ পিএম

জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তৎপর হয়ে উঠেছেন রাজশাহীর আওয়ামী লীগ নেতারা। চেয়ারম্যান পদ নিয়ে দলের সিনিয়র নেতারা যেমন তৎপর তেমনি সদস্য পদ নিয়ে উপজেলা পর্যায়ে চলছে দৌড়ঝাঁপ। চেয়ারম্যান পদে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের আটজন নেতা।

গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনে তারা রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র তুলে তা পূরণ করে জমা দেন। এরা হলেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ আলী সরকার, রাজশাহী-৬ আসনের সাবেক এমপি রায়হানুল হক রায়হান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল আলম বাবু, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি মোজাফফর হোসেন, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ এবং জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটার ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার। তাদের ভোটে রাজশাহীতে একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত