গরিব, অসহায় ও দুস্থদের বাদ দিয়ে নিজ পরিবারসহ পছন্দের সচ্ছল লোকদের ওএমএস কার্ড দেওয়া এবং বিভিন্ন উন্নয়ন কাজের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মোংলার মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের অপসারণ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও মানববন্ধনে ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, ওএমএসের তালিকায় থাকা পূর্বের গরিবদের নাম কেটে চেয়ারম্যান উৎপল তার পছন্দের সচ্ছল লোকদের নাম দিয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যত উন্নয়ন প্রকল্প এসেছে সবটিতে অনিয়ম ও দুর্নীতি করেছেন। সর্বশেষ গত মাসের শেষে গরিবদের জন্য সরকারের দেওয়া সহায়তার সিদ্ধ মিনিকেট চাল বিক্রি করে কম দামের খাবার অযোগ্য আতপ চাল দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া কাবিখা-কাবিটা প্রকল্পে তার পরিবার, আত্মীয়স্বজনসহ নিজ বাড়িতে মাটির কাজ করিয়ে চরম অনিয়ম ও অর্থ আত্মসাৎ করেছেন।
মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ^াস দিলে এলাকাবাসী বাড়ি ফিরে যায়।
