দেশের মানুষের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের ভারত সফর শেষে গতকাল বৃহস্পতিবার রাতে দেশে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রাত ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে রাজস্থানের শিক্ষামন্ত্রী বিডি কাল্লা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

জয়পুর ত্যাগের আগে প্রধানমন্ত্রী ভারতের রাজস্থানের আজমির শরিফে খাজা গরিবে নেওয়াজ হজরত মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর দরগা শরিফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে তার চার দিনব্যাপী সফর শেষ করেন। প্রধানমন্ত্রী সেখানে দেশের জনগণের উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে নফল নামাজ আদায় করেন এবং মোনাজাতে অংশ নেন। তিনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার পবিত্র মাজার জিয়ারতের মাধমে আনুষ্ঠানিকভাবে তার ভারত সফর শুরু করেছিলেন।

প্রধানমন্ত্রী গত সোমবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছলে তাকে লালগালিচা অভ্যর্থনা দিয়ে স্বাগত জানানো হয়।

সফরের প্রথম দিন বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে তার অবস্থানস্থল আইটিসি মৌর্য হোটেলের সম্মেলন কক্ষে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সফরের দ্বিতীয় দিন শেখ হাসিনা হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এবং একান্ত বৈঠক করেন। শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি এবং তার সম্মানে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়।

দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রতিবেশী দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে বাংলাদেশ কর্র্তৃক কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারের সমঝোতা স্মারকও রয়েছে। দুদেশের প্রধানমন্ত্রী উভয় দেশের গৃহীত বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে খুলনার রামপালে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক মৈত্রী পাওয়ার প্ল্যান্ট ইউনিট-১ও রয়েছে। পরে যৌথ বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যৌথ বিবৃতিতে ভারত বাংলাদেশি যেকোনো পণ্য তৃতীয় কোনো দেশে রপ্তানি করতে বিনা মাশুলে ট্রানজিট ব্যবহারে সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়। একই দিন প্রধানমন্ত্রীর তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন। শেখ হাসিনা আলদাভাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখাড়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ৬ সেপ্টেম্বর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরদিন শেখ হাসিনার সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডি এবং নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী সাক্ষাৎ করেন। একই দিন আইসিটি মৌর্য হোটেল কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ৭ সেপ্টেম্বর ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন। একই দিনে তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ এবং যুদ্ধাহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সেনা ও অফিসারদের উত্তরসূরিদের ‘মুজিব বৃত্তি’ প্রদানের একটি অনুষ্ঠানে ভাষণ দেন এবং বৃত্তি প্রদান করেন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত