ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘ভারত সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ওই দেশের ব্যবসায়ীর সঙ্গে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি উত্থাপন করেছেন। তারা বাংলাদেশে জ¦ালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমেও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া আদানি গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।’
গতকাল শনিবার সকালে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ৩ বছর পর ভারত সফরে গেলে সেখানে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা ফলপ্রসূ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ববাজারে তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে। কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। তবে অচিরেই ডলারের দাম সেটেল্ড হবে। আমরা শিগগিরই ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক করে অন্তত তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নেব। ডলারের দাম পুরোপুরি সঠিক হয়ে এলে সব পণ্যের দাম অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া থেকে খাবার, চাল আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে দেশে নিত্যপণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি অসচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্যসামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে সরকারের লক্ষ রয়েছে।’
এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে আসেন। বিকেলে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
