পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী খুন, অভিযুক্ত আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০২:২৮ পিএম

পাবনার চাটমোহরে পূর্ব শত্রুতার জেরে হাফিজুর রহমান (২৬) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুসির ব্যবসা করতেন। অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় হাফিজ স্থানীয় স্লুইসগেট গেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অভিযুক্তকে আটক করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত