রাজশাহীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পদ্মায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- মো. নবীও মো. সাদেক। এদের সবার বাড়ি নগরীর মতিহার এলাকায়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি। তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে তাদের কাছে নৌকাডুবির খবর আসে। দ্রুত ডুবুরিরা এসে উদ্ধার কাজ শুরু করে। চারজন ডুবুরি অভিযানে আছেন।
স্থানীয়রা জানায়, সকালে নদীতে তীব্র স্রোত ছিল। এসময় নদী পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। এতে ১৫/১৬ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুইজনকে পাওয়া যাচ্ছে না।
