ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা সাজেদা হাসপাতালের সামনে থেকে এক ব্যবসায়ীকে আটক করে ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীর দায়ের করা মামলায় রাজধানীর লালবাগ থানার কনস্টেবল কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর শুক্রবার মানিকগঞ্জ থেকে এক স্বর্ণ ব্যবসায়ী ৯৮ ভরি স্বর্ণ রাজধানী তাঁতি বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসেন। তার অজান্তেই এক ব্যক্তি তার পিছু নিচ্ছিলেন। মূলত তিনি পুলিশের ইনফর্মার ছিলেন। শুক্রবার তাঁতিবাজারে অধিকাংশ দোকান বন্ধ থাকায় ব্যবসায়ী তার সঙ্গে থাকা স্বর্ণ বিক্রি করতে পারেননি। ফলে তিনি ওই স্বর্ণ নিয়েই কেরানীগঞ্জ হয়ে মানিকগঞ্জ ফিরে যাচ্ছিলেন।
পথে কেরানীগঞ্জের জিনজিরা সাজেদা হাসপাতালের সামনে আসলে আগে থেকে ওতপেতে থাকা কয়েকজন লোক পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে গাড়িতে তুলে নেয়। তার সঙ্গে থাকা স্বর্ণ রেখে দিয়ে তাকে কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ছেড়ে দেয়।
পরে এ ঘটনায় ব্যবসায়ী মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনার সঙ্গে লালবাগ থানার কনস্টেবল কামরুজ্জামানের সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তের দায়িত্বে থাকা কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলোক কুমার দে দেশ রূপান্তরকে বলেন, এখন ব্যস্ত আছি। কালকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সব জানিয়ে দেয়া হবে।
