প্রধানমন্ত্রীর জন্য যুদ্ধে যাওয়ার ঘোষণা এমপি একরামের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রয়োজনে যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। 

শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতাদের কটূক্তি ও অশালীন বক্তব্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে সোমবার বিকেলে সুবর্ণচর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত জনসমাবেশে তিনি এ ঘোষণা দেন। 

জনসমাবেশে ঝড়, বৃষ্টি উপেক্ষা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী যোগ দেন। 

দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিলে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত-বিএনপিকে উদ্দেশ্যে করে একরামুল করিম চৌধুরী বলেন, তারা স্লোগান দেয় '৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমরা বলি '৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। 

তিনি বলেন, আমার বাবা বঙ্গবন্ধুকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছিলেন, শেখ হাসিনার জন্য  প্রয়োজনে আবারও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি। বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না। 

সুবর্ণচরের জনগণের উদ্দ্যেশ্যে একরামুল করিম চৌধুরী বলেন, যখন আওয়ামী লীগের দুর্দিন ছিল তখন আমি সুবর্ণচরে এসেছি। কেনো কিছু নেয়ার জন্য আসি নাই। এখানে ৫৬ হাজার একর জমি ছিল। কেউ বলতে পারবেনা যে আমি ১ একর জমি দখল করেছি। এসব আমার স্বভাবে নেই।  আমার স্বভাবে আছে মানুষের ভালবাসা ফেরত দেওয়া। 

সভায় একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা একত্রিত হয়েছি। একটা শ্রেণি আছে কুরুচিপূর্ণ মন্তব্য করে স্বার্থ হাসিল করতে চায়। নির্বাচন ঘনিয়ে আসলে এ চক্রটি মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের ঐক্যবদ্ধ থেকে এ চক্রকে মোকাবিলা করতে হবে। 

জনসমাবেশের শুরুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এ সময় বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতার সম্মানে সবাইকে এক মিনিট নিরবতা পালন ও দোয়া কারার জন্য অনুরোধ জানান একরাম চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জাতীয় সংসদের সাবেক স্পিকার আব্দুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র বাহাউদ্দিন খেলন, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রাজিব, যুগ্মআহ্বায়ক সাইফুল্লা খসরু, উপজেলা ছাত্রলগীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার, চর ওয়াপরা ইউনিয়নর চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া, চর আমান উল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত