বাঘাবাড়ীতে নৌযান শ্রমিকদের ১০ দফা দাবি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩ পিএম

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে গতকাল সোমবার বেলা ১১টার দিকে নৌযান শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ করেছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে, বেতন-ভাতা বৃদ্ধি, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ ইত্যাদি।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ, বাঘবাড়ী শাখা এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাঘাবাড়ী নৌবন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুস সালাম মাস্টার। বক্তব্য দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আব্দুল ওয়াহাব মিয়া, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাঘাবাড়ী নৌবন্দর শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আলম মাস্টার, বাহাউদ্দিন মাস্টার, সায়মন মাস্টার, মফিজুল ইসলাম ভূঁইয়া, আনিসুর রহমান, মেজবাহ উদ্দিন, সোহেল খান, নূরুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি পূরণ করা না হলে পরবর্তী যেকোনো দিন থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত