রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ুমে একটি গণকবরের সন্ধান পেয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। নতুন সন্ধান পাওয়া এই গণকবরের ভেতরে ৪৪০টি মরদেহ রয়েছে। ইজিয়ুম শহরটি রাশিয়ার দখলে ছিল এবং সম্প্রতি পাল্টা হামলা চালিয়ে রুশ বাহিনীর কাছ থেকে শহরটি দখলে নেয় ইউক্রেন।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, গণকবরে থাকা নিহতদের অনেকে গোলাবর্ষণ এবং বিমান হামলায় প্রাণ হারিয়েছিলেন।
সপ্তাহখানেক আগে ইউক্রেনীয় বাহিনীর তীব্র হামলার মুখে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়ুমে নিজেদের প্রধান ঘাঁটি পরিত্যাগ করতে বাধ্য হয় রাশিয়া। ইউক্রেনের এই অঞ্চলটি চলমান যুদ্ধের প্রধান ফ্রন্ট লাইনগুলোর একটি।
চলমান সামরিক অভিযানে ইজিয়ুমকে রসদ ঘাঁটি হিসাবে ব্যবহার করছিল রাশিয়ান বাহিনী। এখান থেকেই রুশ সেনারা দোনেতস্ক এবং লুহানস্ক নিয়ে গঠিত ডনবাস অঞ্চলে কয়েক মাস ধরে আক্রমণ পরিচালনা করে আসছিল।
তবে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক হামলায় গত সপ্তাহান্তে হাজার হাজার রুশ সৈন্য ইজিয়ুম থেকে পালিয়ে যায়। তারা বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম ফেলে রেখে যায়। এরপর থেকে শহরটি ইউক্রেনের অধীনে রয়েছে।
বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘(রাশিয়ানদের) কাছ থেকে মুক্ত করার পর ইজিয়ুমে বেশ কয়েকটি গণকবর আবিষ্কৃত হয়েছে। সন্ধান পাওয়া বৃহত্তম সমাধিস্থলে ৪৪০টি অচিহ্নিত কবর রয়েছে।
খারকিভ অঞ্চলের প্রধান পুলিশ তদন্তকারী সের্হি বলভিনভ স্কাই নিউজকে বলেছেন, ‘(গণকবরে যেসব মানুষের মৃতদেহ রয়েছে, তাদের) কেউ কেউ গোলাবর্ষণে মারা গেছে... কেউ কেউ বিমান হামলার কারণে মারা গেছে’।
ইউক্রেইনের সেনাদের অভিনন্দন জানাতে বুধবার কোনো পূর্বঘোষণা ছাড়াই ইজিয়ুম সফরে যাওয়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে দায় দিয়ে ইজিয়ুমে পাওয়া গণকবরের সঙ্গে বুচার ঘটনা তুলনা করেছেন।
ইউক্রেইনে অভিযান শুরুর প্রথম পর্যায়ে রুশ বাহিনী কিইভের উপকণ্ঠের বুচা ছেড়ে যাওয়ার পর সেখানেও বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃতদেহ পাওয়ার কথা জানায় ইউক্রেইন। রুশ সেনারাই এসব বেসামরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছিল তারা।
রুশ বাহিনীর বিরুদ্ধে বুচায় যুদ্ধাপরাধ করার অভিযোগও আনা হয়। এর বাইরে রাশিয়া দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে পৃথক অভিযানেও লাখো বেসামরিক হত্যা করে থাকতে পারে বলে এপ্রিলে ইউক্রেইনের কর্মকর্তারা অভিযোগ করেছিলেন।
বৃহস্পতিবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া সর্বত্র মৃতদেহ রেখে যাচ্ছে, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে’।
চলতি সপ্তাহে পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেইন এখন পর্যন্ত রুশ বাহিনীর হাত থেকে অন্তত ৯ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
তবে রুশ বাহিনী এখন তাদের প্রতিরক্ষা জোরদার করায় ইউক্রেনের পাল্টা আক্রমণের গতি বজায় রাখা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে।
ইউক্রেইনীয় বাহিনীর সাম্প্রতিক অগ্রযাত্রার গতি শীতের আগে আরও আরও এলাকা পুনরুদ্ধারের সম্ভাবনা সৃষ্টি করেছিল।
কিন্তু ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে গভর্নর সেরহি হাইদাই বলেছেন, তিনি যে অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সেটি রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা অনেক কঠিনই হবে।
নিয়ন্ত্রণ ছেড়ে দিলেও রুশ সেনারা অন্তত বৃহস্পতিবার পর্যন্ত খারকিভ, কুপিয়ানস্ক ও ইজিয়ুমে লাগাতার গোলাবর্ষণ করে গেছে।
