ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর এলাকার কৃষক মোহাম্মদ আলী শেখ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দয়ারামপুর গ্রামে এই কর্মসূচিতে বক্তারা বলেন, গত ৩০ আগস্ট জমি-সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করা হয়। তারা এই মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
এই হত্যাকান্ডের ঘটনায় ১ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে মামলা করেন নিহতের ভাতিজা আক্কাস আলী।
এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহ ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার দয়ারামপুর এলাকায় কৃষক মোহাম্মদ আলী শেখকে হত্যা করা হয়। এ মামলায় আমরা এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছি, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে তাদেরও আইনের আওতায় আনতে পারব।
